ePaper

“পুষ্টিতে সমতা গড়ার অঙ্গীকার”—ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ব্যুরো চীফ, ফরিদপুর

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ (২৩–২৯ এপ্রিল)। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জনের কার্যালয়, ফরিদপুর-এর বাস্তবায়নে সপ্তাহব্যাপী এ কর্মসূচি পালিত হচ্ছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। সকালেই কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালির অগ্রভাগে থাকা ব্যানারে জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য তুলে ধরা হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন।

র‌্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং বিশিষ্ট চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান শামীম।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইফতেখার আজাদ, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. আল আমিন সরোয়ার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়াও ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশসহ সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা র‌্যালিতে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন সুস্থ ও পুষ্টিসম্পন্ন জনগোষ্ঠী। সাধারণ মানুষের দোরগোড়ায় পুষ্টিকর খাদ্য পৌঁছে দিতে সরকারি-বেসরকারি সব পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। বিশেষ করে শিশু, গর্ভবতী নারী ও প্রবীণদের পুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সঠিক পুষ্টির বিকল্প নেই। এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি সুস্থ জীবন গঠনে নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও ব্যায়ামের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তারা।

এ সময় সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, একটি সুস্থ সমাজ গড়ে তুলতে পুষ্টি সচেতনতার পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধেও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আয়োজকরা জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম, স্বাস্থ্যসেবা প্রদান এবং পুষ্টি বিষয়ক নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি সুস্থ, কর্মক্ষম ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *