ePaper

পাটগ্রাম সীমান্তে বিএসএফের সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল ভারতীয় পক্ষ

আ: মান্নান পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তসংলগ্ন এলাকায় ভারতের অভ্যন্তরে নতুন করে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও স্থানীয় কয়েকজন ভারতীয় নাগরিক। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক প্রতিবাদ ও বাধার মুখে তারা কাজ বন্ধ করে স্থান ত্যাগ করতে বাধ্য হয়।সোমবার (২০ জুলাই ২০২৬) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪৫/১-এস থেকে ৮৪৫/২-এস-এর মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক শূন্য লাইন থেকে আনুমানিক ১০০ মিটার ভারতের অভ্যন্তরে কুচবিহার জেলার মেখলীগঞ্জ থানার পানিশালা পোস্টের হাড়িকামাত এলাকায় পূর্বে স্থাপিত বাঁশের খুঁটি সরিয়ে সেখানে ৩ থেকে ৪ ফুট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপনের কাজ শুরু করেছিল প্রতিপক্ষ ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের পানিশালা-১ ক্যাম্পের সদস্য ও কয়েকজন ভারতীয় নাগরিক।

?বিষয়টি বিজিবির টহলদলের নজরে আসার সঙ্গে সঙ্গে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তীব্র প্রতিবাদ জানান এবং কাজ বন্ধ করতে বাধা দেন। বিজিবির শক্ত অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা তাদের কার্যক্রম বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করেন। ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফজলে মুনিরের স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে উক্ত সীমান্ত এলাকায় বিজিবির টহল ও সতর্কতা জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *