সৌমিত্র সুমন,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
জাতীয় সংসদের ১১৪ নম্বর আসন পটুয়াখালী–৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবিতে কলাপাড়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে কলাপাড়া নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের মুখপাত্র মোস্তফা জামান সুজন।
বক্তারা বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন বিপুল ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদ সদস্য হয়েছেন। প্রশাসনিক ও অর্থনৈতিক গুরুত্বের দিক থেকে পটুয়াখালী–৪ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আসনের অন্তর্ভুক্ত রয়েছে দুটি উপজেলা, তিনটি থানা ও দুটি পৌরসভা। তারা উল্লেখ করেন, কলাপাড়া উপজেলায় দেশের গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে শের-ই-বাংলা নৌঘাঁটি, পায়রা সমুদ্র বন্দর, ১৩২০ মেগাওয়াটের পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, রাডার স্টেশন, মৎস্য অবতরণ কেন্দ্র, পাট গবেষণা কেন্দ্র, মৎস্য গবেষণা কেন্দ্র, কুয়াকাটা পর্যটন কেন্দ্র, মা ইলিশ প্রজনন কেন্দ্র ও অভয়াশ্রমসহ নানা গুরুত্বপূর্ণ অবকাঠামো। বক্তারা বলেন, উপকূলীয় এ জনপদকে পরিকল্পিত ও টেকসই উন্নয়নের ধারায় এগিয়ে নিতে অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে এবিএম মোশাররফ হোসেনকে যে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে তিনি সফল হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, উপকূলের মানুষ দীর্ঘদিন ধরে নানা ক্ষেত্রে অবহেলার শিকার। অপার সম্ভাবনাময় এ অঞ্চলকে দেশের মধ্য উপকূলীয় অর্থনৈতিক করিডোরে পরিণত করতে নবনির্বাচিত এ জনপ্রতিনিধিকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা সময়ের দাবি।
নাগরিক সমাজের পক্ষ থেকে জানানো হয়, এটি তিন লাখ ভোটারের প্রাণের দাবি।
