ePaper

নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার প্রশ্নে রুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে নির্বাচনী বিধিমালা ও সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে না কেন—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রিটকারী আইনজীবী ইসরাত জাহান অনি বলেন, সরকারি চাকরি ও পুলিশে নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্টের বিধান রয়েছে। জনগণের প্রতিনিধি হিসেবে যারা সংসদ সদস্য, স্থানীয় সরকারের চেয়ারম্যান বা সদস্য নির্বাচিত হন, তাদের ক্ষেত্রেও মাদকমুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।

তিনি বলেন, জনগণের প্রতিনিধি মাদকাসক্ত হলে তিনি যথাযথভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন থাকে। তাই নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার দাবি জানানো হয়েছে। জনগণের প্রতিনিধি হিসেবে যারা নির্বাচিত হবেন, তারা সুস্থ ও স্বাভাবিক থাকবেন—এটাই প্রত্যাশা।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকসহ মোট সাতজনকে বিবাদী করা হয়েছে।