ePaper

নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা, ১ জনকে আটক করেছে পুলিশ

মোয়াজ্জেম হোসেন,  নওগাঁ

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনায় সবুজ নামের  ১ জনকে আটক করেছে পুলিশ।  সোমবার ( ২০ এপ্রিল)   দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ভাগনা সবুজ হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে বাহাদুরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সবুজ হোসেন নিহত হাবিবুর রহমানের ভাগনা এবং মান্দা উপজেলার পারনপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। নিহতরা হলেন, বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং ৩ বছরের কন্যা সাদিয়া আক্তার। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন হাবিবুর রহমান। ফজরের নামাজ পড়ার পর স্থানীয় এক বৃদ্ধা তাদের ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। পরে সেখানে এগিয়ে গেলে হাবিব, তার স্ত্রী, ছেলে ও মেয়ের গলা কাটা মরদেহ লক্ষ করেন। তাৎক্ষণিক বৃদ্ধার চিৎকারে গ্রামবাসীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানায় সংবাদ দেয়। পরে সকাল ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে গতকাল সোমবার রাত ৮টার দিকে বাড়িতে আসেন। তার কাছে গরু বিক্রি করার ২ লাখ ৮০ হাজার টাকা ছিল। কেউ কেউ ধারণা করছেন, দুর্বৃত্তরা হাবিবুরের টাকা লুটের জন্য তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়ে থাকতে পারে। এছাড়া  জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান,  ১ জনকে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়েছে।  মরদেহ গুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *