হাবিবুর রহমান.গাইবান্ধা
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার সব পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে গাইবান্ধা জেলা প্রশাসন। রবিবার জেলা আইন-শৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক বলেন, “কোনো ধর্মের মানুষ যেন নিজেকে সংখ্যালঘু বা অনিরাপদ মনে না করেন। প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।”
জেলা প্রশাসক বলেন, শারদীয় দুর্গাপূজা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিকতার প্রতিচ্ছবি। প্রত্যেক নাগরিক নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন, আনন্দ করবেন ও প্রার্থনা করবেন—এটাই বাংলাদেশের ঐতিহ্য ও সৌন্দর্য। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সভায় গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, “ধর্ম যার যার, উৎসবও তার তার—তবে নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।”
তিনি বলেন, কোনো ধর্মের মানুষ যেন নিজেকে সংখ্যালঘু বা অনিরাপদ মনে না করেন। বিভেদ ও বিদ্বেষ নয়, পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। দুর্গাপূজাকে ঘিরে জেলার সব পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেদায়েতুল ইসলাম, জেলা কারাগারের জেল সুপার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
