ePaper

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

বিনোদন ডেস্ক
প্রতিভা এমন এক আলো, যেভাবেই হোক, তা বেরিয়ে আসেই। এই যেমন রিতেশ পাল; ১৯ বছরের তরুণ। জিতে নিলেন ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার সিজন ৫’-এর খেতাব। পুরস্কার হিসেবে পেলেন ১৫ লাখ রুপি।
খুব সাধারণ পরিবারের ছেলে রিতেশ। একসময় ছিলেন নাপিত। মানুষের চুল-দাড়ি কাটতেন। সেই সেলুন থেকে নাচের চর্চা, আর এখন তিনি ভারতের ‘সেরা নাচিয়ে’। জীবন যেন স্বপ্নের মতোই বদলে গেল তার।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ঘোষণা করা হয় ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার সিজন ৫’-এর বিজয়ী। এতে সবাইকে টপকে ট্রফি জিতে নেন ভারতের রায়পুরের তরুণ রিতেশ; সঙ্গে তার কোরিওগ্রাফার প্রতীক উটেকর। কয়েক মাসের প্রতিযোগিতায় বিভিন্ন ধাপে মুগ্ধতা ছড়িয়ে তারা সেরার স্বীকৃতি পেলেন।
গ্র্যান্ড ফিনালেতে রিতেশ ও প্রতীকের মুখোমুখি হন অন্য ফাইনালিস্ট দীপালি বোরকার, প্রথমেশ মানে, আনশিকা ধারা ও গীতাঞ্জলি মারওয়াহা। চূড়ান্ত পর্বের পরিবেশনা দেখার পর বিচারক কারিশমা কাপুর, জাভেদ জাফরি, গীতা কাপুর ও টেরেন্স লুইস বিজয়ী ঘোষণা করেন রিতেশকেই।
বিজয়ী হওয়ার পর এক বিবৃতিতে রিতেশ পাল বলেন, “নাচ সবসময়ই আমার ভালোবাসা। ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার সিজন ৫’ জেতা আমার স্বপ্নপূরণের মতো। সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের সঙ্গে এই যাত্রার অংশ হতে পেরে আমি সত্যিই ভাগ্যবান। কারিশমা ম্যাম, জাভেদ স্যার, গীতা মা ও টেরেন্স স্যারের দিকনির্দেশনার জন্য আমি কৃতজ্ঞ। বিশেষ করে গীতা মা আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। আর আমার কোরিওগ্রাফার প্রতীক উতেকর স্যারকে বিশেষ ধন্যবাদ, আমার ওপর বিশ্বাস রাখার জন্য এবং আমার এই যাত্রাকে নতুনভাবে গড়ে তোলার জন্য। সহপ্রতিযোগীদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি। এই ট্রফি জয়ের ফলে প্রতিটি চ্যালেঞ্জই সার্থক মনে হচ্ছে।”
পুরস্কারের ১৫ লাখ রুপি দিয়ে কী করবেন রিতেশ? সেটাও জানালেন নৃত্যশিল্পী। রিতেশ জানান, মায়ের জন্য একটি বাড়ি বানাবেন তিনি। এটাই তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। বাড়ির জন্য আরো অর্থ দরকার, সেগুলো ক্রমশ জমাবেন। এমনকি বাড়ির নামও ঠিক করে রেখেছেন—হরিদর্শন।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (2599,27471,3241) ORDER BY meta_id ASC