চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের ভোটের ফলাফল গণনা করতে ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য ও আইটি সেলের প্রধান অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী। সে হিসাবে ফলাফল ঘোষণা করতে বৃহস্পতিবার ভোর হয়ে যাবে। বুধবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তিনি বলেন, ‘ব্যালট পেপারগুলো মেশিনে প্রি-স্ক্যান করা হয়েছে। প্রায় ১ লাখ ৪০ হাজারের মতো পাতা আমরা টেস্ট করেছি, এটা নিশ্চিত হওয়ার জন্য যে- সবগুলো পাতা যেন মেশিন পড়তে পারে। আমরা নিশ্চিত করতে পারছি যে, মেশিন পাতাগুলো পড়তে পারবে। পাতাগুলোর জন্য আলাদা সিকিউরিটি কোড রয়েছে। বাইরের কোনো একটি পাতা যদি এ মেশিনে ঢুকেও পড়ে, তাহলে তা মেশিন রিজেক্ট করবে। কারণ তা মেশিনে দেওয়া আমাদের সিকিউরিটি কোডের বাইরে।’ অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী বলেন, ‘ভোটগ্রহণ শেষে আমরা ওএমআরগুলো মেশিনে স্ক্যান করার পর দ্বৈবচয়নের ভিত্তিতে পরীক্ষা করে দেখব। এতে বুঝতে পারব, আমাদের মেশিন ঠিকমতো কাজ করছে।’ ভোটের ফলাফল ঘোষণা করতে কত সময় লাগতে পারে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের যদি ৮০ শতাংশ ভোট কাস্ট হয় তাহলে স্ক্যানিং করতে আনুমানিক ৭ ঘণ্টার ওপরে সময় লাগবে। ৪টায় ভোটগ্রহণ শেষ হলে বক্সগুলো জায়গায় আসতে সময় লাগবে। ব্যালটগুলো প্রতি বান্ডেলে ২০০ করে গুনে প্রস্তুত করা সাড়ে ৬টার আগে সম্ভব হবে না। এরপর থেকে ৭ ঘণ্টা যদি হয়, তাহলে বলতে গেলে প্রায় পরের দিন সকাল-যদি স্ক্যানিংয়ে কোনো বিঘ্ন না ঘটে। কিন্তু যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে সময় আরও লাগবে।’
WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (19867) ORDER BY meta_id ASC
