গাইবান্ধার গোবিন্দগঞ্জে অতিরিক্ত মাত্রায় দেশি (বাংলা) মদ সেবন করে সোহাগ মন্ডল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ভাইসহ আরও দুইজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ রোববার (৯ জুন) বেলা ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মন্ডলের মৃত্যু হয়।
নিহত সোহাগ মন্ডল উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল গ্রামের মৃত সামছুল মন্ডলের ছেলে। অসুস্থরা হলেনÑনিহত সোহাগের ভাই সৈকত মন্ডল এবং একই গ্রামের মৃত খটু শেখের ছেলে মজিবর রহমান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার রাত আনুমানিক ১১টার দিকে সোহাগ, সৈকত ও মজিবর রহমান স্থানীয়ভাবে উৎপাদিত বাংলা মদ সেবন করেন। অতিরিক্ত মদ সেবনের ফলে রাতেই তারা তিনজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিক ইকবাল জানান, অসুস্থ তিনজনের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে সোহাগ মন্ডল মারা যান। বাকি দুইজন বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, “বিষয়টি আমি শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয় সচেতন মহলের অভিযোগ, গোবিন্দগঞ্জ উপজেলা বর্তমানে মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এলাকায় যত্রতত্র বাংলা মদ ও মাদক সহজলভ্য হওয়ায় তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে। তারা অবিলম্বে এলাকায় মাদকবিরোধী কঠোর অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
