আবু রায়হান নিরব মেহেরপুর
আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে মেহেরপুরে জেলা পরিষদের উদ্যোগে ৬০টি অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর২০২৬) সকাল ১১ টার সময় গাংনী উপজেলা মিলনায়তনে আয়োজিত ‘সেলাই মেশিন বিতরণ-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব সেলাই মেশিন উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এইচ. এম. সালাউদ্দীন মনজু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. নাবিদ হোসেন।অনুষ্ঠানে ৬০ জন অসহায় ও হতদরিদ্র নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।বক্তারা বলেন, পিছিয়ে পড়া ও দুস্থ নারী-পুরুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেলাই মেশিনগুলো যথাযথভাবে কাজে লাগিয়ে প্রান্তিক পরিবারের সদস্যরা নিজেদের জীবিকা নির্বাহের পাশাপাশি পারিবারিক আয় বাড়াতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রোকনউদ্দিন, গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক, উপজেলা বিএনপির সভাপতি আলফাস উদ্দিন কালু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুর রহমানসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী পরিবারের সদস্যরা।সেলাই মেশিন পেয়ে অসহায় পরিবারের সদস্যরা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
