রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ-১ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মো. সেলিম রেজা বলেছেন, শুধু বিএনপি নয়, কাজিপুরের আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) অনেক ভোটারও আমাকে ভোট দিয়েছেন। বিশেষ করে সংখ্যালঘুদের একটি ভোটও ধানের শীষের বাইরে যায়নি।
গতকাল মঙ্গলবার বিকেলে কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা বিবিএন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেলিম রেজা বলেন, দলের কিছু নেতাকর্মীর অসদাচরণের কারণে ধানের শীষের ভোট বরং কমে গেছে। নিজেকে জনগণের এমপি উল্লেখ করে তিনি বলেন, আমি জনগণের এমপি, তাই কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে আমাকে ফুল ছিটানোর প্রয়োজন নেই। এমপি হিসেবে স্পষ্ট বলছি, আমি কাজিপুরের সবার নেতা। সবাইকে নিয়েই কাজিপুরের উন্নয়নের অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নেব -ইনশাল্লাহ।
চালিতাডাঙ্গা বিবিএন উচ্চ বিদ্যালয়, চালিতাডাঙ্গা মহিলা কলেজ ও আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মহসিন রেজা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নবনির্বাচিত এমপি সেলিম রেজাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেন। তিনি প্রতিষ্ঠান প্রধানদেরও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তার বাবা ও কাজিপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বারবার নির্বাচিত জননেতা মরহুম আফজাল হোসেন সরকারের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
