স্পোর্টস ডেস্ক
জাসপ্রিত বুমরাহ’র ইনজুরিতে আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেয়েছিলেন আকিব নবি। রঞ্জি ট্রফির গত মৌসুমে জম্মু-কাশ্মিরের সর্বোচ্চ এই উইকেটশিকারি পেসারের অবশ্য লঙ্কান ভূমিতে অভিষেক হয়নি। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও তার স্কোয়াড থেকে বাদ পড়া নিয়ে আলোচনা তৈরি হয়। এবার প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেলেন তিনি। দ্বিতীয় ওয়ানডে দিয়ে প্রথমবার নবি আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামছেন।
গত দুই মৌসুমে ঘরোয়া ক্রিকেটে দাপট দেখিয়ে ডাক পেলেন এই পেসার। এই বছর জম্মু-কাশ্মিরকে প্রথম রঞ্জি ট্রফি জেতাতে ৬০ উইকেট নেন তিনি। দুই মৌসুমে ১০৪ উইকেট! ডানহাতি পেসার লোয়ার অর্ডার ব্যাটার হিসেবেও বেশ ভালো অবদান রাখতে পারেন। তবুও ভারত জাতীয় দলে তার অভিষেক করাতে দেরি হওয়ায় বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল।
এই পরিবর্তনের লক্ষ্য ছিল দলে একজন ব্যাটিং অলরাউন্ডারের পরিবর্তে এমন একজনকে অন্তর্ভুক্ত করা যিনি মূলত বোলার হিসেবেই বেশি কার্যকর। সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ৫ ওভার করতে পেরেছিলেন নীতিশ কুমার রেড্ডি। ফলে দ্বিতীয় ম্যাচে নতুন বল হাতে প্রসিধ কৃষ্ণার সঙ্গী হিসেবে নবির নামই সম্ভাব্য বলে মনে হচ্ছিল। কারণ ভারতীয় দল ইনিংসের শুরুতেই সাধারণত সুইংয়ের খোঁজে থাকে।
আজ (বুধবার) কেরালার তিরুবনন্তপুরমে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের মুখোমুখি হয়েছে ভারত। যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক শুভমান গিল। ম্যাচের টস দেওয়ার আগেই আকিব নবির অভিষেকের তথ্য সামনে আসে। তার হাতে ক্যাপ তুলে দেন অভিজ্ঞ তারকা লোকেশ রাহুল।
এর আগে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। ক্যারিবীয়দের দেওয়া ২৯৬ রানের লক্ষ্য তাড়ায় সেঞ্চুরি করেন দলটির অধিনায়ক গিল এবং সাবেক অধিনায়ক বিরাট কোহলি। এর আগে সফরকারীদের ভালো শুরুর পরও তাদের তিনশ‘র আগেই আটকে দেওয়ার পথে ৪ উইকেট নেন ভারতের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব।
অবশেষে ভারতের জার্সিতে আকিব নবির অভিষেক
