ePaper

সরাইলে মাদক কেনাবেচায় বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, রায়হান নিহত

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) ঈদের পরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। 

জানাযায়, শুক্রবার গভীর রাতে উপজেলার সৈয়দটুলা উত্তরপাড় গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রায়হান উত্তরপাড়া এলাকার ছুটুন মিয়ার ছেলে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন।স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে উত্তরপাড়া এলাকার সজীব মিয়া স্থানীয় এক যুবককে ইয়াবা কিনে আনার জন্য ৩০০ টাকা দেন। কিন্তু ওই যুবক ইয়াবা না কিনে ওই টাকা দিয়ে বিস্কুট কিনে খেয়ে ফেলে। এ ঘটনায় সজীব মিয়া ক্ষুব্ধ হন। একপর্যায়ে বিষয়টি হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।বিষয়টি টের পেয়ে মাদকের বিরুদ্ধে কাজ করা স্থানীয় যুবক কামাল, জসিম, দেওয়ান উদ্দিনসহ কয়েকজন মাদক কেনাবেচার বিষয়টি জানতে চান। এ সময় সজীব মিয়ার পক্ষ নিয়ে ক্ষিপ্ত হন এলাকার শাহীন ও রতন মিয়া নামে আরও দুই যুবক। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

রাতের আঁধারে টর্চলাইটের আলো জ্বালিয়ে ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে রায়হান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

সরাইল থানা অফিসার্স ইনচার্জ(ওসি)মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, মাদকসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সংঘর্ষে রায়হান নামে একজন নিহত হয়েছেন। তার মরদেহ হাসপাতালে রয়েছে। ওসি বলেন,আসামি দেরকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *