মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে বিষধর সাপের কামড়ে মোঃ আজাদ মৃধা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার মহেষপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজাদ মৃধা ওই গ্রামের মোঃ তমিজ উদ্দীন মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে যান আজাদ মৃধা। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে দংশন করে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান বিষ নামানোর জন্য।
কিন্তু কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাজী নাজমুন সাকিব বলেন, সাপের কামড়ের পর রোগীকে দ্রুত হাসপাতালে এনে প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম দেওয়া অত্যন্ত জরুরি। অনেক ক্ষেত্রে প্রাথমিকভাবে ওঝা বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর করায় মূল্যবান সময় নষ্ট হয়। সময়মতো হাসপাতালে আনা গেলে রোগীর জীবন রক্ষা করা সম্ভব হতো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
