মোঃ রুহুল আমিন রাজু,জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৪নং নাংলা ইউনিয়ন পরিষদে ভিজিডি কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।বুধবার নাংলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কয়েকবারের সফল চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশার সার্বিক তত্ত্বাবধানে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় মোট ২৭০ জন উপকারভোগী অসহায় ও দরিদ্র মহিলাদের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান।
চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রকৃত উপকারভোগীদের মাঝে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, নাংলা ইউনিয়নের অসহায় ও নিম্ন আয়ের মানুষের কল্যাণে ইউনিয়ন পরিষদ সবসময় কাজ করে যাচ্ছে।
এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
