মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলায় প্রকাশ্যে তাস দিয়ে জুয়া খেলার সময় ৬ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার (১১ মে) দুপুরে উপজেলার ধোয়াইল বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মহম্মদপুর থানা পুলিশ। অভিযানের সময় একদল ব্যক্তি প্রকাশ্যে তাস দিয়ে জুয়া খেলছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জুয়াড়িরা পালানোর চেষ্টা করলে সেখান থেকেই ৬ জনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ হাসানুর শেখ (৪৫), রিপন মোল্যা (৩৫), হারুন বিশ্বাস (৫০), ইউনুস শেখ (৩৫), আবুল শেখ (৫৫) এবং নান্নু মিয়া (৪৫)।
পুলিশ জানায়, অভিযানের সময় জুয়া খেলার তাসসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, মাদক, জুয়া ও সামাজিক অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সোমবারই মাগুরা আদালতে পাঠানো হয়েছে।
