ফুলগাজী, ফেনী প্রতিনিধি
ফুলগাজী উপজেলার ফতেপুর গ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মেজবাহ উদ্দিন। তিনি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং কঠোর শাস্তির দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, ফতেপুর গ্রামের বাসিন্দা অন্তর পালের ব্যবহৃত একটি ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে তারা উল্লেখ করেন।
মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং আইন অনুযায়ী দোষী ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।
এ কর্মসূচিতে ফুলগাজী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তৌহীদি জনতা উপস্থিত ছিলেন।
