পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
চলতি অর্থ বছরে খরিপ-২ মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে পাটগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার (২৮ জুন) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার ৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ হিসেবে বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম। উপজেলা প্রশাসন কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সফিকার রহমান। এসময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শওকত হায়াত প্রধান বাবু, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ারুল ইসলাম রবি ও সাধারণ সম্পাদক হাফিজার রহমান। চলতি অর্থ বছরে উপজেলায় মোট পাঁচ হাজার ৩০০ কৃষক ৫টি কৃষি প্রণোদনা উপকরণ পাবেন। আয়োজকরা জানান, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের কৃষি উৎপাদনে উৎসাহিত করা, আবাদি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং খরিপ-২ মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। কৃষকদের হাতে সময়মতো উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় সার পৌঁছে দিলে উৎপাদনশীলতা বাড়বে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
