ফয়সাল আলম সাগর, কক্সবাজার প্রতিনিধি ভ্রাম্যমাণ
কক্সবাজার সদর হাসপাতালে অসুস্থ সন্তানকে চিকিৎসা করাতে এসে নিখোঁজ হওয়ার চারদিন পর লিফটের নিচ থেকে কোহিনূর আক্তার (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত কোহিনূর আক্তার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের বাসিন্দা এবং কাতার প্রবাসীর স্ত্রী বলে পারিবারিক সূত্রে জানা গেছে।পরিবারের সদস্যরা জানান, অসুস্থ সন্তানকে চিকিৎসার জন্য কয়েকদিন আগে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন কোহিনূর আক্তার। চিকিৎসার একপর্যায়ে তিনি ওষুধ আনতে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। স্বজনরা হাসপাতালে ও আশপাশের বিভিন্ন স্থানে টানা তিনদিন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।অবশেষে নিখোঁজের চারদিন পর সোমবার সদর হাসপাতালের লিফটের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি জানাজানি হলে হাসপাতাল এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে চারদিন ধরে একটি মরদেহ পড়ে থাকা নিয়ে নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থার বিষয়ে প্রশ্ন তুলেছেন স্বজন ও সাধারণ মানুষ। পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
