ধামরাই (ঢাকা) প্রতিনিধি: রবিউল করিম
ঢাকার ধামরাইয়ে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. মাহিদুর রহমান মাহিম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান। এর আগে রোববার রাতে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের নওগাঁও গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে ওই গ্রামে এ ঘটনা ঘটে বলে মামলার এজাহার সূত্রে জানা গেছে।
গ্রেপ্তার মাহিদুর রহমান মাহিম সূতিপাড়া ইউনিয়নের নওগাঁও গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার সকালে শিশুটি তার চার বছর বয়সী ছোট বোন ও সহপাঠী সাইমের সঙ্গে মঙ্গলের বাড়ির পাশে খেলতে যায়। এ সময় মাহিদুর রহমান মাহিম শিশুটিকে ও তার সঙ্গীদের গাবল বিলের নিচু জমিতে নিয়ে গিয়ে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, “রোববার সকালে সূতিপাড়া ইউনিয়নের নওগাঁও গ্রামে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করা হয়। ওই মামলায় মাহিদুর রহমান মাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
