নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২ সেপ্টেম্বর : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বন্দি করার পেছনে দেশি-বিদেশি চক্রান্ত কাজ করেছিল। তার দাবি, এর উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী রাজনীতিকে দুর্বল করে দেওয়া।
বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তরাঞ্চল ছাত্র ফোরাম অনুষ্ঠানের আয়োজন করে।
রিজভী বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানকে কারাবন্দি করা একটি বৃহত্তর রাজনৈতিক চক্রান্তের অংশ ছিল। তিনি দাবি করেন, বিভিন্ন প্রতিকূলতা ও নির্যাতনের মধ্য দিয়েও তারেক রহমান রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন এবং জনগণের আস্থা অর্জন করেছেন।
তিনি আরও বলেন, অতীতে তারেক রহমানের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হলেও জনগণ তার নেতৃত্ব ও কর্মকাণ্ড মূল্যায়ন করছে। গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনে তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ওয়ান-ইলেভেনের সময় এবং পরবর্তী সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে নেতাকর্মীদের নানা বাধা ও ঝুঁকির মুখে পড়তে হয়েছিল। তবে দলীয় নেতাকর্মীদের ত্যাগ ও ঐক্যের কারণে বিএনপি বর্তমান অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে।
রুমন বলেন, অতীতে তারেক রহমানের ওপর যে নির্যাতন চালানো হয়েছিল, তার শারীরিক ও মানসিক প্রভাব তিনি এখনও বহন করছেন। তবে তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না বলেও উল্লেখ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উপদেষ্টা ব্যারিস্টার মীর হেলাল। এছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
