সৌমিত্র সুমন,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পহেলা বৈশাখের আগের দিনকে কেন্দ্র করে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা, ধানখালী ও রাঙ্গাবালীসহ বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নীল পূজা ও চৈত্র সংক্রান্তি উৎসব। এ উপলক্ষে হিন্দুপাড়াগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বী কিশোর-কিশোরীরা শিব-পার্বতী, রাধা-কৃষ্ণ, লক্ষ্মী, রাম-লক্ষ্মণ ও মুনি-ঋষির বেশে সজ্জিত হয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে। ঢাক, কাঁসি ও সানাই বাজিয়ে গাজন যাত্রার মাধ্যমে তারা সংক্রান্তির দান সংগ্রহ করছে। এ সময় ধর্মীয় সংগীত, নৃত্য, মন্ত্রপাঠ ও উলুধ্বনিতে প্রতিটি বাড়ি হয়ে উঠছে মুখরিত ও প্রাণবন্ত। সনাতন ধর্মাবলম্বীদের সূত্রে জানা যায়, এই উৎসব কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়; এটি বহু বছরের পুরনো একটি লোকজ ঐতিহ্য। এই আচার পালনের মাধ্যমে বিদায়ী বছরের গ্লানি দূর করা, রোগমুক্তি লাভ এবং নতুন বছরের সুখ-সমৃদ্ধি কামনা করা হয়।
