মেছবাহ উদ্দিন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা শাখা। সোমবার (১৬ মার্চ) বিকেল ৫টায় বসুরহাটের আজমেরী হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনে জামায়াত মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান এবং বসুরহাট পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন। এছাড়াও পৌরসভা সহ-সেক্রেটারি মাওলানা ইয়াকুব হোসাইন, মাওলানা জিল্লুর রহমান, আবুল হাসেম, আইয়ুব আলী, মাস্টার কামাল উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও নৈতিকতার শিক্ষা দেয় এবং সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সভায় নোয়াখালী-৫ আসনের সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়। বক্তারা জানান, আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ইফতার করা হয়।
