ePaper

কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতিতে জামায়াতের প্রার্থী মোক্তার আলীর মতবিনিময়

রাজীব চৌধুরী, কেশবপুর

 কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) রাত ৮টায় কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।  উক্ত সভায় সভাপতিত্ব করেন কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি মোঃ আশরাফুজ্জামান।

মতবিনিময় সভায় কেশবপুর পৌরসভার বিভিন্ন সমস্যা ও অনিয়ম তুলে ধরে বক্তব্য রাখেন সমিতির সভাপতি মোঃ আশরাফুজ্জামান। তিনি বলেন, পৌরসভায় অপরিকল্পিতভাবে ট্যাক্স নির্ধারণ করা হচ্ছে। একই শ্রেণির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর নির্ধারণে চরম বৈষম্য রয়েছে। সাম্প্রতিক সময়ে পানির বিল অযৌক্তিকভাবে বৃদ্ধি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এছাড়াও তিনি অভিযোগ করে বলেন, বিগত কয়েক বছরে কেশবপুর পৌরসভায় ব্যাপক লুটপাট, অনিয়ম ও দুর্নীতি হয়েছে। পৌরবাসীর ন্যায্য সেবা থেকে বঞ্চিত হওয়া, উন্নয়ন কাজে স্বচ্ছতার অভাব এবং জবাবদিহিতার সংকটের বিষয়গুলোও তিনি সভায় তুলে ধরেন।

পৌর বাড়ি মালিকদের উত্থাপিত সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোঃ মোক্তার আলী। এ সময় তিনি বলেন, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে আপনাদের খেদমত করার সুযোগ দেন, তাহলে কেশবপুরকে একটি মডেল কেশবপুর হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। কেশবপুর পৌরসভার সকল বাড়ি মালিকসহ পৌরবাসীর ন্যায্য ও যৌক্তিক সব সমস্যার সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করবো।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার কর্মপরিষদের সদস্য মাওলানা মোঃ আব্দুস সামাদ। তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে জনগণের কল্যাণে কাজ করতে হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা জরুরি।

এ সময় আরও বক্তব্য রাখেন কেশবপুর পৌর জামায়াতের আমীর প্রভাষক জাকির হোসেন,উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারী মোঃ তবিবুর রহমান, পেশাজীবী বিভাগ কেশবপুর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক ক্রীড়া সম্পাদক সাইদুর রহমানসহ কেশবপুর পৌরবাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *