ePaper

কলাপাড়া পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর পৌরসভা গড়তে স্মারকলিপি প্রদান

সৌমিত্র সুমন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা ও এর আওতাধীন সকল সরকারি স্থাপনা এবং জনসেবামূলক অবকাঠামোকে পর্যায়ক্রমে শতভাগ রুফটপ সৌরবিদ্যুতের আওতায় এনে একটি পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর পৌরসভা হিসেবে গড়ে তোলার দাবিতে বুধবার (২৯ জুলাই ২০২৬) কলাপাড়া পৌরসভা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন প্রান্তজন ট্রাস্ট, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (ঋঊউ) বরিশাল, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ঈখঊঅঘ) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (ইডএঊউ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। মানববন্ধন শেষে কলাপাড়া পৌর প্রশাসকের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। পৌর প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন পৌর নির্বাহী কর্মকর্তা কাব্য লাল চক্রবর্তী।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জি। বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, সদস্য মেজবাহউদ্দিন মান্নান, নুরুল হক, নাজমুস সাকিব, এসএসডিপির নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান এবং প্রান্তজন ট্রাস্টের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের বিকল্প নেই। কলাপাড়া পৌরসভার বাসস্ট্যান্ড, যাত্রী ছাউনি, পার্ক, লেকের ওয়াকওয়ে, সরকারি ভবনের ছাদসহ বিভিন্ন জনসেবামূলক স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হলে পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রি করে পৌরসভার নতুন আয়ের সুযোগ সৃষ্টি হবে। তারা আরও বলেন, সরকারি স্থাপনাগুলোতে রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। একই সঙ্গে নেট মিটারিং সুবিধার কার্যকর ব্যবহার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদক ও অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী প্রতিষ্ঠানে পরিণত করতে পারে। মানববন্ধন থেকে বক্তারা দ্রুত একটি সমন্বিত “পৌরসভা সোলার কর্মপরিকল্পনা” প্রণয়ন, কলাপাড়ার সকল উপযুক্ত সরকারি স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোকে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনা এবং কলাপাড়াকে দেশের প্রথম সারির পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর পৌরসভা হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ কোনো ব্যয় নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য লাভজনক, পরিবেশবান্ধব ও টেকসই বিনিয়োগ। এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দেশের পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরকে আরও ত্বরান্বিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *