ePaper

কলাপাড়ায় পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

সৌমিত্র সুমন, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪ হাজার ৮৮৫ টাকা উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের টিয়াখালী-ছোনাউটা কাঁচা সড়কে অভিযান চালায় কলাপাড়া থানা পুলিশ। এসআই সুজন চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত অভিযানে বরগুনার আমতলী উপজেলার ইসলামপুর (পূজাখোলা) এলাকার আঃ রব প্যাদার ছেলে মো. মাহাবুব প্যাদা (৪৮)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দখল থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই দিন রাত সাড়ে ৮টার দিকে কলাপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাচনাপাড়া এলাকার সুগন্ধা রোডে অভিযান চালিয়ে মো. মিজানুর রহমান (৩৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তার বসতঘর থেকে ৪৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪ হাজার ৮৮৫ টাকা উদ্ধার করা হয়।

এরপর ৮ সেপ্টেম্বর রাত ৩টা ১০ মিনিটের দিকে চাকামইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চুঙ্গাপাশা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মো. বশার খান (৪৮)-কে গ্রেপ্তার করা হয়। তার বসতঘরের সামনের বারান্দা থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, পৃথক ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক)/৪১ ধারায় কলাপাড়া থানায় পৃথক মামলা করা হয়েছে।  কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো নজরুল ইসলাম বলেন মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।