ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, একই পরিবারের তিনজন আটক

ফেনী জেলা সংবাদদাতা : ফেনী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে একই পরিবারের তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধীন নিজকালিকাপুর বিওপির টহলদল তাদের আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, নিজকালিকাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৫৯/৩-এস সংলগ্ন শূন্যরেখার কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও এলাকার শাহাপাড়ার রিপন মজুমদার (৫৫), তার স্ত্রী ডলি মজুমদার (৪৮) ও ছেলে প্রলয় মজুমদার (২৬)। প্রলয় মজুমদার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারে, রিপন মজুমদার দীর্ঘদিন ধরে আইবিএস (ইরিটেবল বাওয়েল সিনড্রোম) সমস্যায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য ভারতীয় ভিসা পেতে দীর্ঘদিন অপেক্ষা করেও সাড়া না পাওয়ায় স্থানীয় হাসান নামের এক দালালের মাধ্যমে ৬০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পরিকল্পনা করেন তারা। এ উদ্দেশ্যে তারা নিজকালিকাপুর সীমান্ত এলাকায় আসেন।
অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে আটক তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পরশুরাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।