ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার


নবচেতনা অর্থনীতি ডেস্ক : দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে ঋণপত্রের (লোকাল এলসি) তথ্য আদান-প্রদান আরো দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করতে ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ (বিএআরটিএ বা বার্তা) চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যবস্থায় ব্যাংকগুলো কেন্দ্রীয়ভাবে তাৎক্ষণিক লোকাল এলসি সংক্রান্ত তথ্য ও বার্তা বিনিময় করতে পারবে।

এর ফলে রপ্তানি বাণিজ্য গতিশীল হওয়া, পশ্চাৎমুখী সংযোগ শিল্পের (ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি) বিকাশ ও রপ্তানিতে দেশীয় মূল্য সংযোজন বাড়ার পাশাপাশি বছরে প্রায় ৬ থেকে ৭ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে।

শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বার্তা-এর মাধ্যমে মাস্টার এক্সপোর্ট এলসি বা রপ্তানি চুক্তির বিপরীতে খোলা স্থানীয় ও ব্যাক-টু-ব্যাক এলসির তথ্য আদান-প্রদান করা হবে। এতে তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা বাড়বে এবং বাংলাদেশ ব্যাংকের তদারকি ব্যবস্থা আরও কার্যকর হবে।

একই সঙ্গে লোকাল এলসির তথ্য সংগ্রহের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর কেন্দ্রীয় ব্যাংকের নির্ভরশীলতা কমবে।
নতুন এ প্ল্যাটফর্মে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক স্তরের সুরক্ষাব্যবস্থা রাখা হয়েছে। এতে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ভিত্তিক যাচাইকরণ, টোকেনভিত্তিক প্রবেশাধিকার, এনক্রিপ্টেড ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন), নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন (ন্যাট) ও ফায়ারওয়াল ব্যবহারের ব্যবস্থা রয়েছে। ব্যবহারকারীর পরিচয় যাচাইয়ে দুই স্তরের নিরাপত্তা পদ্ধতি (টু-ফ্যাক্টর অথেনটিকেশন) অনুসরণ করা হবে।

পাশাপাশি প্রতিটি ব্যাংকের তথ্য পৃথকভাবে সুরক্ষিত রাখার ব্যবস্থা রয়েছে।

প্ল্যাটফর্মটিতে বাংলাদেশ ব্যাংকের ব্যবহারকারীরা শুধু তথ্য পর্যবেক্ষণের সুযোগ পাবেন। তারা কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করতে পারবেন না।

বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠিত পৃথক ও নিরাপদ আইটি নেটওয়ার্কের (এক্সট্রানেট) মাধ্যমে তথ্য আদান-প্রদান হবে। প্রতিটি যোগাযোগের ক্ষেত্রে তিন স্তরের অনুমোদন ব্যবস্থা অনুসরণ করা হবে।

বার্তা পুরোপুরি বাস্তবায়িত হলে বাংলাদেশ ব্যাংকের তদারকি ব্যবস্থা আরো জোরদার করা হবে। রপ্তানি বাণিজ্য গতিশীল হওয়ার পাশাপাশি পশ্চাৎমুখী সংযোগ শিল্পের উন্নয়ন ত্বরান্বিত হবে।

প্রচ্ছন্ন রপ্তানির ক্ষেত্রে অপরিশোধিত রপ্তানি আয়ের পরিমাণ কমবে ও রপ্তানিতে দেশিয় মূল্য সংযোজন বাড়বে। সামগ্রিকভাবে এ উদ্যোগ দেশের রপ্তানি খাতের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রাথমিক পর্যায়ে বার্তা-এর পাশাপাশি লোকাল এলসির তথ্য আদান-প্রদানে প্রচলিত সুইফট ব্যবস্থাও চালু থাকবে। পরবর্তী সময়ে বার্তা-এর কার্যক্রম সম্পূর্ণরূপে কার্যকর ও স্থিতিশীল হলে পর্যায়ক্রমে সুইফটভিত্তিক ব্যবস্থা প্রত্যাহার করা হবে।
নবচেতনা/এআর