আলিফের পিতা জীবদ্দশায় পুত্র হত্যার বিচার দেখতে চান


নবচেতনা আইন ও আদালত ডেস্ক : চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যার দুই বছর পার হয়েছে। মামলায় ৪৯ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র চারজন। জীবদ্দশায় ছেলের হত্যার বিচার দেখে যেতে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবি জানিয়েছেন মামলার বাদী জামাল উদ্দিন।

এদিকে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে ২৬ নভেম্বর সকালে চট্টগ্রাম আদালতপাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন আইনজীবীরা। পরে জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে আলিফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বক্তব্যে আইনজীবীরা বলেন, একজন আইনজীবীকে প্রকাশ্যে হত্যার পরও দুই বছরেও বিচার শেষ না হওয়া উদ্বেগজনক। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় সরকারি আদেশ দ্রুত জারি করতে হবে। অন্যথায় বিচার শেষ হতে আরও দীর্ঘ সময়, এমনকি এক যুগও লেগে যেতে পারে।

বাদীপক্ষের আইনজীবী রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, মামলাটি বর্তমানে দায়রা মামলা হিসেবে বিচারাধীন। মহানগর দায়রা জজ নিজ ক্ষমতাবলে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির জন্য মামলাটি পাঠালেও প্রয়োজনীয় সরকারি গেজেট প্রকাশ না হওয়ায় সেখানে বিচার কার্যক্রম শুরু করা যাচ্ছে না।

তিনি বলেন, আলিফের বাবা ও মামলার বাদী জামাল উদ্দিন ২০২৫ সালের ২৩ ডিসেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার আবেদন করেছিলেন। কিন্তু এখনো এ বিষয়ে সরকারের চূড়ান্ত আদেশ পাওয়া যায়নি।

রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, ৪৯ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত মাত্র চারজনের সাক্ষ্য নেয়া হয়েছে।

তাদের কাউকেই এখনো চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জেরা করা হয়নি। বাকি সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ, জেরা, অন্যান্য বিচারিক কার্যক্রম, যুক্তিতর্ক ও রায় ঘোষণা বাকি রয়েছে। এভাবে চলতে থাকলে বিচার শেষ হতে আরও দীর্ঘ সময় লাগতে পারে।

তিনি অভিযোগ করেন, চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে তার আইনজীবী একের পর এক দরখাস্ত দাখিল করে বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত করছেন। তবে আদালতের বিচারিক প্রক্রিয়ার প্রতি তারা শ্রদ্ধাশীল বলেও উল্লেখ করেন তিনি।

ছেলের হত্যার বিচার জীবদ্দশায় দেখে যেতে চান মামলার বাদী, তার বাবা জামাল উদ্দিন। তিনি বলেন, ‘জীবদ্দশায় ছেলে হত্যার বিচার দেখে যেতে চাই। আর কিছু বলার নেই।’

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন আজ বলেন, আলিফ হত্যার দুই বছর পার হলেও বিচার কার্যক্রম ধীরগতিতে চলছে। অনেক দিন পর পর শুনানির তারিখ দেওয়া হচ্ছে।

গতানুগতিকভাবে বিচার এগিয়ে নেওয়া হচ্ছে, যা খুবই দুঃখজনক। দ্রুত সময়ের মধ্যে মামলাটির বিচার শেষ হওয়া উচিত। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানান তিনি।

২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনের অদূরে মেথরপট্টি এলাকায় হামলার শিকার হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। পরে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ওই দিন বহিষ্কৃত ইসকন নেতা ও সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পর আদালতপাড়া ও আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সেই সংঘাতের এক পর্যায়ে আলিফের ওপর হামলা হয়।

এ ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুলাই নগর পুলিশের তৎকালীন সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) মো. মাহফুজুর রহমান ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সুকান্ত নামের একজনকে অন্তর্ভুক্ত করা হলে অভিযোগপত্রভুক্ত আসামির সংখ্যা দাঁড়ায় ৩৯ জনে।

চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল গত ১৯ জানুয়ারি ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বর্তমানে চিন্ময় কৃষ্ণ দাসসহ ২৭ জন আসামি কারাগারে রয়েছেন। বাকি আসামিরা পলাতক।

মামলায় চিকিৎসক, পুলিশ সদস্যসহ মোট ৪৯ জন সাক্ষী রয়েছেন। বিচার শুরু হওয়ার পর এখন পর্যন্ত বাদীসহ মাত্র চারজন সাক্ষ্য দিয়েছেন।
নবচেতনা/এআর