ফুলগাজীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা


ফুলগাজী (ফেনী) সংবাদদাতা : ফেনীর ফুলগাজীতে ৬ ডিসেম্বর ফেনী মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর সকালে ফুলগাজী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কাউছার হামিদ।

সভায় উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা জেরিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী, ফেনী জেলা এনসিপির দপ্তর সম্পাদক ওমর ফারুক বাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলগাজী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মতিন, উপজেলা সমবায় কর্মকর্তা মুরাদ হোসেন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুল হক। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।
সভায় আসন্ন তিনটি ঐতিহাসিক ও জাতীয় দিবসের কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। দিবসগুলো উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা দিবসগুলোর তাৎপর্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরা, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়া এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ কাউছার হামিদ দিবসগুলো যথাযথ মর্যাদায় পালনে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।