টিটন হত্যা: শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম পাঁচ দিনের রিমান্ডে


নবচেতনা আইন ও আদালত ডেস্ক : রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী খন্দকার নঈম আহমেদ টিটনকে হত্যার অভিযোগে করা মামলায় শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

সুইডেন আসলামকে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল তার এ রিমান্ড মঞ্জুর করেন।

রোববার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান সুইডেন আসলাম। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২৯ এপ্রিল টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
নবচেতনা/এআর