ফেনী জেলা প্রতিনিধি : ফেনী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, পুলিশি সেবার মান ও কার্যকারিতা বৃদ্ধি, দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ফুলগাজী থানা, পরশুরাম থানা ও বিলোনীয়া বাংলাদেশ পুলিশ ইমিগ্রেশন চেকপোস্ট আকস্মিক পরিদর্শন করেছেন ফেনী জেলার নবাগত পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।
২০ নভেম্বর দিনব্যাপী এই পরিদর্শনকালে সংশ্লিষ্ট থানা ও ইমিগ্রেশন চেকপোস্টের সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন তিনি। পরিদর্শনের শুরুতে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জবৃন্দ (ওসি) নবাগত পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান এবং একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট থানা ও চেকপোস্টের দাপ্তরিক ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান মামলার তদন্ত কার্যক্রম, অপরাধ দমন ও প্রতিরোধমূলক পদক্ষেপসহ জনসাধারণকে প্রদত্ত পুলিশি সেবার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। এ সময় তিনি দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং কর্মক্ষেত্রে বিদ্যমান সমস্যা, কার্যক্রমের অগ্রগতি ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
সেবার মান উন্নয়নে দিকনির্দেশনা দিয়ে পুলিশ সুপার বলেন, থানায় আগত সেবাপ্রার্থীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করতে হবে এবং দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত পুলিশি সেবা নিশ্চিত করতে হবে। প্রতিটি অভিযোগ যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং মামলার তদন্ত কার্যক্রমে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি জনবান্ধব পুলিশিং আরও জোরদার করা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অন্যান্য অপরাধ প্রতিরোধ এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
পরিদর্শনের একপর্যায়ে নবাগত পুলিশ সুপার পরশুরাম থানা মসজিদে উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং তাঁদের সঙ্গে পবিত্র জুমার নামাজ আদায় করেন।
এ সময় ফেনী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফেনী এবং মু. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফেনী। এ ছাড়া স্থানীয় পুলিশ কর্মকর্তা ও ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।




