এস,এম আতোয়ার টাঙ্গাইল : টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০ তম ওফাত বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারের পাশে জেলা বিএনপির আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু এমপি, জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব এবং টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।
এর আগে বিএনপির পক্ষ থেকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন দলটির নেতাকর্মীরা।
এদিকে, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ভোর থেকেই টাঙ্গাইলের সন্তোষে তাঁর মাজার প্রাঙ্গণে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ছেয়ে যায় মাজার। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় মহান এই নেতাকে স্মরণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ভক্ত ও মুরিদানদের কণ্ঠে ‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ স্লোগানে মুখর হয়ে ওঠে মাজার প্রাঙ্গণ।
টাঙ্গাইলে ভাসানীর ৫০ তম ওফাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত
