গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটি সরানোর নামে সরকারি জায়গা দখল চেষ্টার অভিযোগ উঠেছে ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন বাড়িওয়ালা মোর্শেদা আক্তার লুনার বিরুদ্ধে।এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে উপজেলার কামারদহ ইউনিয়নের চাঁপড়িগঞ্জ এলাকার রশিদুল ইসলামের ছেলে রাসেল সরকার বাদল জেলা প্রশাসক ও পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, ঢাকা-রংপুর মহাসড়ক সম্প্রসারণের সময় ব্যক্তি মালিকানাধীন ভূমি অধিগ্রহণ করে সরকার। ভূমি অধিগ্রহণ শেষে সড়ক ও জনপথ অধিদপ্তর সীমানা নির্ধারন পিলার পুঁতে রাখে। পরবর্তীতে মহাসড়কের পাশে সরকারি জায়গার ভেতরে পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সঞ্চালন লাইনের জন্য সারিবদ্ধভাবে বিদ্যুতের খুঁটি পোঁতা হয়। কিন্তু কয়েকমাস আগে মৃত রনজু আকন্দের স্ত্রী মোর্শেদা আক্তার লুনা তাঁর লোকজন নিয়ে রাতের আঁধারে বিদ্যুতের খুঁটির পেছনে থাকা সীমানা পিলার তুলে ৩ মিটার সামনে মহাসড়কের কাছাকাছি পুঁতে রাখে। তখন বিষয়টি স্থানীয়রা দেখলেও তেমন গুরুত্ব দেয়নি। সম্প্রতি লুনা তাঁর বাড়ির পাশে চাঁপড়িগঞ্জ মোড়ে সোনারপাড়া সড়কের জায়গায় থাকা পল্লী বিদ্যুতের খুঁটি সরানোর জন্য গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির কাছে আবেদন করে। আবেদন পেয়ে কিছুদিন আগে পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন সম্ভাব্যতা যাচাই করতে আসলে বিষয়টি সবার নজরে আসে। তখন তারা বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন এবং সরকারি জায়গা থেকে খুঁটি না সরানোর দাবি জানান।
স্থানীয় বাসিন্দা শাপলা বেগম বলেন, লুনা শুধু সীমানা পিলার সরিয়ে সরকারি জায়গা দখল ক্ষান্ত হয়নি। এবার বিদ্যুতের খুঁটি সরিয়ে বাড়ির পাশের সড়ক দখল করতে চায়। কিন্তু সে পল্লী বিদ্যুৎ অফিসের লোকজনকে নতুন করে খুঁটি পোঁতার জন্য আমার ব্যক্তিগত জায়গা দেখিয়ে দিয়েছে। এটা আমি কোনভাবে মেনে নেব না। অপর এক বাসিন্দা আবু তাহের বলেন, লোক মারফত শুনলাম লুনা বিদ্যুতের খুঁটি সরানোর জন্য নাকি পল্লী বিদ্যুৎ অফিসে ১ লাখ ৭ হাজার টাকা ঘুষ দিয়েছে। আমাদের দাবি মহাসড়কের পাশে দুই রাস্তার মোড়ে এমন গুরুত্বপূর্ণ জায়গা থেকে খুঁটি সরানো যাবে না। মহাসড়কের জায়গা দখল করে সে দোকানঘর নির্মাণ করেছে। তাঁর বিরুদ্ধে সরকারি জায়গা দখলের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। অন্য এক বাসিন্দা আব্দুল মান্নান বলেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে বিদ্যুতের খুঁটি পুঁতেছে। আজ সেটা কিভাবে ব্যক্তিগত মালিকানাধীন বলে দাবি করা হচ্ছে। চাইলেও কেউ সরকারি জায়গা থেকে বিদ্যুতের খুঁটি সরাতে পারে না। বিষয়টি তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এ বিষয়ে গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার সঞ্জীব কুমার রায় বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে বিদ্যুতের খুঁটি সরানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
গোবিন্দগঞ্জে সরকারি জায়গা দখলের নামে বিদ্যুতের খুঁটি সরানোর অভিযোগ
