লালমনিরহাটে চাইল্ড সারভাইভাল প্রোগ্রামের উদ্বোধন

মোঃ শাহজাহান সাজু, লালমনিরহাট : লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে শিশুদের স্বাস্থ্য, সুরক্ষা ও বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘চাইল্ড সারভাইভাল প্রোগ্রাম’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প বড়বাড়ী (বিডি ০২৫৫) এর আয়োজনে, হারভেষ্ট বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালনায় ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাটের উপপরিচালক (অ. দা.) লায়লা আকতার বানু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সদরের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্লাবনী রায়, বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন, কম্প্যাশন ইন্টারন্যাশনাল এর পাটনারশীপ ফেসিলেটেটর শিলা কিস্কু ও হারভেষ্ট বাংলাদেশ ফাউন্ডেশনের পিডিএ কো- অর্ডিনেটর রিপন বাড়ৈ নিলয়।
অনুষ্ঠানে বক্তারা শিশুদের সুস্বাস্থ্য, পুষ্টি, নিরাপত্তা ও সার্বিক বিকাশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, শিশুদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এ কর্মসূচির মাধ্যমে এলাকার শিশু ও পরিবারগুলোর জীবনমান উন্নয়ন এবং শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।