ধামরাইয়ে দু’রাতে দু’টি বাসে আগুন

ধামরাই প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে টানা দুই রাতে পৃথক স্থানে দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাস দুটির আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দাবি, দুটি ঘটনায় প্রায় ৯ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ২টা ২৬ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় স্কয়ার হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা পল্লী সেবা পরিবহনের একটি বাসে আগুন লাগে।
খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে বাসটির আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রায় ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাসটির মালিক শহিদুল ইসলাম। এর রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-জ-৩২৬০। প্রাথমিকভাবে আগুনের ঘটনাটিকে নাশকতামূলক বলে উল্লেখ করেছে ফায়ার সার্ভিস।
এর আগের রাত, শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাতেও ধামরাই থানা রোডে ধামরাই পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৩টা ১০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, এ ঘটনায় বাসটির আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিপরীতে প্রায় ৪ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাসটির রেজিস্ট্রেশন নম্বর চট্ট মেট্রো-জ-০৪-০১৩৯। তবে এ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে, টানা দুই রাতে মহাসড়ক ও এর আশপাশের এলাকায় পৃথক দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পরিবহনসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘এটি কোনো নাশকতা বা রাজনৈতিক সহিংসতার ঘটনা—এমন সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে।’