কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের নির্দেশ


নবচেতনা শিক্ষাঙ্গন ডেস্ক : দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার ১০টি ইভেন্টসহ আর্চারি, শ্যুটিং ও হকি খেলার নিয়মিত অনুশীলন এবং প্রতিযোগিতার আয়োজন করার নির্দেশ দেয়া হয়েছে

বুধবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়, ক্রীড়া উন্নয়নে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে ১০-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি গ্রহণ করেছে।

মাদকাসক্তি ও অতিরিক্ত ডিজিটাল আসক্তি মোকাবিলা করে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং ক্রীড়াকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে দেশের সকল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের প্রতিযোগিতার ১০টি ইভেন্টসহ আর্চারি, শ্যুটিং ও হকি খেলার অনুশীলন ও প্রতিযোগিতার নিয়মিত আয়োজন নিশ্চিত করতে বলা হয়েছে।
নবচেতনা/এআর