বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম সরেজমিনে দেখতে আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণের পাশাপাশি মোংলা নৌঘাঁটিতে সভা এবং মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় হেলিকপ্টারে ঢাকা থেকে রওনা হবেন প্রধানমন্ত্রী।

সকাল ১০ টায় সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ শেষে খুলনার দাকোপ হয়ে লঞ্চে মোংলা নৌঘাঁটিতে পৌঁছাবেন তিনি।

দুপুরে নৌঘাঁটির ওয়ার্ডরুমে সভায় যোগ দেবেন সরকার প্রধান। এতে খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসকদের উপস্থিত থাকার কথা রয়েছে।

পরে বিকেলে মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন তারেক রহমান।