ফুলগাজীর মারকাযুত তাক্বওয়া হিফজ মাদরাসার ৬ শিক্ষার্থী জেলা পর্যায়ের প্রতিযোগিতায়

ফুলগাজী, ফেনী প্রতিনিধি

পবিত্র কোরআন হিফজে মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে ফেনীর ফুলগাজী উপজেলার ঐতিহ্যবাহী মারকাযুত তাক্বওয়া হিফজ মাদরাসার ছয় শিক্ষার্থী। থানা পর্যায়ের বাছাইপর্বে উত্তীর্ণ হয়ে তারা ফেনী জেলা পর্যায়ের হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। এ সাফল্যে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

মাদরাসা সূত্রে জানা যায়, থানা পর্যায়ের বাছাইপর্বে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর ছয় শিক্ষার্থী জেলা পর্যায়ে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। সেখানে তারা ফুলগাজীর প্রতিনিধিত্ব করবে। জেলা পর্যায়েও ভালো ফলাফল অর্জন করে পুরস্কার নিয়ে আসবে—এমন প্রত্যাশা শিক্ষক ও সংশ্লিষ্টদের।

মারকাযুত তাক্বওয়া হিফজ মাদরাসার প্রধান শিক্ষক ক্বারী মাওলানা মো. নোমান বলেন, “আলহামদুলিল্লাহ, প্রতিবারের মতো এবারও ফুলগাজী থেকে পবিত্র কোরআনের ছয় শিক্ষার্থী থানা পর্যায়ের বাছাইপর্বে উত্তীর্ণ হয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীদের এ অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত। আশা করছি, তারা জেলা পর্যায়েও ভালো ফলাফল অর্জন করবে এবং সম্মানজনক পুরস্কার নিয়ে ফিরবে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে তাদের নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শিক্ষার্থীরা যেন প্রতিযোগিতায় ভালো করতে পারে, সে জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের এ অগ্রযাত্রা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

মাদরাসার পক্ষ থেকে মহান আল্লাহর কাছে শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও পরিশ্রমের উত্তম প্রতিদান এবং জেলা পর্যায়ের প্রতিযোগিতায় সফলতা কামনা করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।