সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় ১ দিনে পৃথক পৃথক অভিযান চালিয়ে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ৩৬ কেজি গাঁজা, ৪৭ বোতল ফেনসিডিল এবং ৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৮ অক্টোবর ২০২৬ খ্রি.) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যগুলোর আনুমানিক সিজার মূল্য ১,৫২,৩০০/- (এক লক্ষ বায়ান্ন হাজার তিনশত) টাকা।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৪ বিজিবির অধীনস্থ মধুগ্রাম বিওপি এবং চম্পকনগর বিওপির টহল দল ছাগলনাইয়া সীমান্তে এই আলাদা অভিযানগুলো পরিচালনা করে। অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ছাগলনাইয়া থানায় জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাসিবুল ইসলাম, পিএসসি বলেন, “সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সর্বাত্মক কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই ধরনের বিশেষ ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
