সাহেদ চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উত্তর-পূর্ব রিজিয়ন (সরাইল)-এর অধীনস্থ ১৩টি ব্যাটালিয়ন গত প্রায় ১০ মাসে (জানুয়ারি থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৫৭ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৩২৮ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে। একই সাথে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
১৮ অক্টোবর ২০২৬ তারিখে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর উদ্যোগে আয়োজিত এক বিশেষ মিডিয়া ব্রিফিংয়ে সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়নের এই উল্লেখযোগ্য সাফল্য ও সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরা হয়।
অস্ত্র, বিস্ফোরক ও মাদক উদ্ধার:
মিডিয়া ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, গত ১০ মাসে সরাইল রিজিয়নের ৪টি সেক্টরের (কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল) অধীনস্থ ২১১টি বিওপির বিজিবি সদস্যরা কঠোর নজরদারি ও অভিযান চালিয়ে ১১টি পিস্তল (৯টি ম্যাগাজিনসহ), ৭টি এয়ার গান, ৫টি পাইপ গান এবং ৬২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছেন। এছাড়া ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৭৭ মিটার ডেটোনেটর তার উদ্ধার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ৩,৪০,৮১৫ পিস ইয়াবা, ১৪,৯৬৭ কেজি গাঁজা, ৬৩,৫৭৫ বোতল বিদেশি মদ ও বিয়ার, ১৬,৮৮০ বোতল ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ, ৪,৩২,৫১০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট এবং ২১০ লিটার চোলাই মদ আটক করা হয়। এসব মাদক ও চোরাচালানের ঘটনায় মোট ৩৩৩ জন আসামিকে আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া অবৈধ বালু ও পাথর উত্তোলন রোধে অভিযান চালিয়ে ১৬,৮০০ ঘনফুট পাথর ও ৮,২০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও বিজিবি মোতায়েন:
শারদীয় দুর্গাপূজা যেন সনাতন ধর্মাবলম্বীরা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদ্?যাপন করতে পারেন, সেজন্য ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকার মোট ১৮টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করেছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে গত ১৬ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত পরশুরামের বক্স মাহামুদ উচ্চ বিদ্যালয়ে ১টি বেইজ ক্যাম্প স্থাপনসহ ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রাখা হয়েছে।
মিডিয়া ব্রিফিংয়ে ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাসিবুল ইসলাম জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি গুজব, অপতথ্য এবং সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি সাধারণ মানুষকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান এবং সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিক বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ করেন।
মানবিক ও সামাজিক কার্যক্রম:
সীমান্ত সুরক্ষার পাশাপাশি সরাইল রিজিয়ন সাম্প্রতিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের মাঝে খাদ্য, জরুরি চিকিৎসা ও ওষুধ সরবরাহ করেছে। এছাড়া সীমান্ত এলাকার তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল করতে সিলেট সেক্টরের উদ্যোগে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা চোরাচালান রোধে সীমান্তবাসীকে সচেতন করতে ভূমিকা রাখছে।
