মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

আবু রায়হান নিরব মেহেরপুর

মেহেরপুর মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাত থেকে ১১৩ জন উপকারভোগীর মাঝে চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর২০২৬) দুপুরে দিকে মেহেরপুর জেলা পরিষদের সভাকক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোঃ জাভেদ মাসুদ মিল্টন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এইচ. এম. সালাউদ্দীন মনজু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান সরকারি জাহিদ। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মোঃ জাভেদ মাসুদ মিল্টন বলেন, “সংস্কৃতি ও সমাজকল্যাণ একটি মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনের গুরুত্বপূর্ণ অংশ। সমাজের অসচ্ছল ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সহযোগিতা করা আমাদের সামাজিক দায়িত্ব। জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের সহায়তা কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন এবং সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে আমরা কাজ করে যাচ্ছি।” তিনি আরও বলেন, সমাজের মানুষের কল্যাণে সরকারি সহায়তা কার্যক্রমকে জনবান্ধব ও কার্যকর করতে হবে। প্রকৃত উপকারভোগীরা যাতে এসব সহায়তা পান, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। সংস্কৃতির বিকাশ ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রসারের মাধ্যমে একটি মানবিক, অসাম্প্রদায়িক ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতের আওতায় মোট ১১৩ জন উপকারভোগীর মাঝে চেক বিতরণ করা হয়।