ePaper

কামাল-নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

নিজস্ব প্রতিবেদক

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মিরপুরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা এবং যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। তবে বাকি আসামিদের নাম প্রসিকিউশনের পক্ষ থেকে এখনও প্রকাশ করা হয়নি।

প্রসিকিউশন জানায়, মানবতাবিরোধী অপরাধের এ মামলায় দীর্ঘদিন ধরে তদন্ত চালায় তদন্ত সংস্থা। তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দেন। পরে প্রতিবেদনটি যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১৯ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই এবং ৪ ও ৫ আগস্ট মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও পল্লবীর বিভিন্ন এলাকায় ৫০ জনের বেশি নিরীহ ও নিরস্ত্র ছাত্র-জনতাকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে জানান তিনি।

প্রসিকিউটর আরও বলেন, একটি অভিযোগে কয়েক দিনের ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে। পাশাপাশি ১৯ আসামির প্রত্যেকের ভূমিকা ও সংশ্লিষ্টতার বিষয়ে পৃথক বিবরণ দেওয়া হয়েছে।