ঢাকা, ২৫ সেপ্টেম্বর: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার এক অভিনন্দনবার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জনগণের আকাঙ্ক্ষা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিভিন্ন বিষয়ে দেশের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও অবস্থান আরও সুদৃঢ় করবে।
রাষ্ট্রপতি বলেন, ভাষণে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকারের পাশাপাশি একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে দেশের পুনর্গঠনে সরকারের ‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’ বা ‘থ্রি-আর’ কৌশলের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।
তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, বিশ্বশান্তি, বহুপাক্ষিক সহযোগিতা, ফিলিস্তিন ইস্যু, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি এবং নারী ও যুবসমাজের ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে সরকারের অগ্রাধিকার ও অবস্থান তুলে ধরেছেন।
অভিনন্দনবার্তায় রাষ্ট্রপতি বলেন, বিশ্বব্যাপী যুদ্ধ ও সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ, জ্বালানি নিরাপত্তা সংকট, বৈশ্বিক সরবরাহব্যবস্থার বিঘ্ন এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতির প্রভাব সম্পর্কে প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণ বর্তমান বাস্তবতাকে যথাযথভাবে প্রতিফলিত করেছে।
জাতিসংঘকে ‘সমঝোতাভিত্তিক বিশ্বসমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু’ হিসেবে দেখার প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সংঘাতপূর্ণ বিশ্বে সংলাপ, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আহ্বান অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।
রাষ্ট্রপতি আরও বলেন, প্রধানমন্ত্রীর ‘সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রত্যয়ে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন এবং নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়াকে দেশের জন্য একটি গৌরবময় ঘটনা হিসেবে উল্লেখ করেন।
বার্তার শেষে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য এবং তাঁর সফরের সার্বিক সাফল্য কামনা করেন।
