ePaper

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

ঢাকা, ২৪ সেপ্টেম্বর : দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুস্থ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে মাদক ও জুয়া প্রতিরোধে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদকাসক্তি এবং অনলাইন-অফলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিরোধমূলক কমিটি গঠন করা হবে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষাঙ্গনে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার এবং শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সামাজিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীদের সুরক্ষা ও সুস্থ বিকাশ নিশ্চিত করতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তবে কমিটি গঠনের সময়সীমা, কাঠামো, সদস্যসংখ্যা কিংবা দায়িত্ব ও কার্যপরিধি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বিষয়ে শিগগিরই একটি নীতিমালা বা নির্দেশিকা প্রণয়ন করে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো হতে পারে।