ePaper

বোয়ালমারীতে বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা-চাড়ি বাইচ

মোঃ রবিউল খান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ধরে রাখতে ফরিদপুরের বোয়ালমারীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ প্রতিযোগিতা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বোয়ালমারী পৌরসভার আঁধারকোঠা ও গুনবহা গ্রাম সংযোগকারী সেতু সংলগ্ন বারাশিয়া নদীতে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ভেলা ও চাড়ি বাইচকে ঘিরে বারাশিয়া নদীর দুই পাড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। আশপাশের বিভিন্ন গ্রাম থেকে নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী বিপুলসংখ্যক মানুষ প্রতিযোগিতা দেখতে নদীর তীরে জড়ো হন। দর্শনার্থীদের উপস্থিতিতে নদীর দুই পাড় পরিণত হয় মিলনমেলায়। এ আয়োজনকে কেন্দ্র করে নদীর তীরে বসে বিভিন্ন খাবার ও শিশুদের খেলনার দোকান। এতে পুরো এলাকায় তৈরি হয় গ্রামীণ মেলার আবহ।

ভেলা ও চাড়ি বাইচের পাশাপাশি আয়োজনে ছিল হাঁস ধরা, কলাগাছ বেয়ে ওঠা ও নারীদের চেয়ার সিটিং প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় স্থানীয়রা অংশ নেন। একের পর এক প্রতিযোগিতা দেখতে দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মজহারুল ইসলাম। তিনি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এসব খেলাধুলা ও আয়োজন লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। আধুনিকতার প্রভাবে হারিয়ে যেতে বসা এসব ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন। এতে একদিকে গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ হবে, অন্যদিকে শিশু-কিশোর ও তরুণদের জন্য সুস্থ বিনোদনের সুযোগ তৈরি হবে।