অনলাইন ডেস্ক
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নের লক্ষ্যে ভারতকে বাংলাদেশ থেকে পণ্য আমদানি আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন তারা। এ সময় বাংলাদেশ থেকে ভারতের পণ্য আমদানি বাড়ানোর মাধ্যমে দুই দেশের বাণিজ্য ভারসাম্য উন্নয়নের ওপর গুরুত্ব দেন গভর্নর।
এ ছাড়া বাংলা কিউআর ব্যবহারের পরিধি বাড়ানো, আন্তসীমান্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা এবং এ ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা ও সম্ভাব্য কারিগরি সহযোগিতা নিয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি।
বৈঠকে ভারতের হাইকমিশনার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ করার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিনিয়োগবান্ধব একাধিক নীতিগত উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের ফলে বিদেশি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের অর্থ ও মুনাফা সহজে নিজ দেশে প্রত্যাবাসন করতে পারবেন।
গভর্নর বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে আরও বেশি ভারতীয় বিনিয়োগের আহ্বান জানান।
বৈঠকে ভারতের হাইকমিশনারের সঙ্গে ডেপুটি হাইকমিশনার পবনকুমার বাধে এবং সেকেন্ড সেক্রেটারি (ইকোনমিক অ্যান্ড কমার্স) গৌরব কুমার আগরওয়াল উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নরের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন।
