সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে ৬ হাজার ইয়াবাসহ আমিন হোসেন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসআরবি-৭ চট্টগ্রাম, এসআরবি-১১ নারায়ণগঞ্জ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নোয়াখালী কার্যালয়ের যৌথ অভিযানে শনিবার (১৯ সেপ্টেম্বর) তাঁকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক মাদক কারবারি যাত্রীবাহী বাসে চট্টগ্রাম থেকে নোয়াখালীর দিকে আসছেন। এর ভিত্তিতে সেনবাগ থানার পূর্ব সেবারহাট বাজার এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্টে ‘বাধন পরিবহন’ নামের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রীবেশে থাকা আমিন হোসেনকে আটক করা হয়। পরে বাসের বক্সে স্টেইনলেস স্টিলের শিট দিয়ে তৈরি পাইপযুক্ত একটি সিলিন্ডার চুলার ভেতর বিশেষ কায়দায় লুকানো ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে অভিযানকারী দল।
সংশ্লিষ্টদের দাবি, জিজ্ঞাসাবাদে আমিন দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীর সেনবাগ ও আশপাশের এলাকায় বিক্রি করার কথা জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সেনবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
