ePaper

কুষ্টিয়ায় রাতের খাবার খেয়ে ১০ পুলিশ সদস্য অসুস্থ, হাসপাতালে ভর্তি

আল আমিন, কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খেয়ে ক্যাম্প ইনচার্জ (আইসি) মনিরুজ্জামান ও এএসআই শরিফুল ইসলামসহ অন্তত ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্থানীয় ও ক্যাম্প সূত্রে জানা গেছে, শনিবার রাতে প্রতিদিনের মতো ক্যাম্পের মেসে খাবার খান দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা। খাবার খাওয়ার কিছুক্ষণ পর একে একে কয়েকজন সদস্য তীব্র শারীরিক অস্বস্তি, পেটব্যথা ও মাথা ঘোরার কথা জানান। পরে আইসি মনিরুজ্জামান ও এএসআই শরিফুল ইসলামসহ ১০ জন অসুস্থ হয়ে পড়েন।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় এবং জেলা পুলিশ লাইন্সের উদ্যোগে তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, খাবারের মাধ্যমে বিষক্রিয়া বা খাদ্যে বিষাক্ত কোনো পদার্থ মিশ্রণের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে অসুস্থতার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি জানতে খাবারের নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘটনার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের খোঁজখবর নেন। একই সঙ্গে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে খাবারের মাধ্যমে কীভাবে বিষক্রিয়া হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।