সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি
ফেনী জেলা পুলিশের বিশেষ অভিযানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি, ডাকাত দলের সক্রিয় সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫০ বোতল বিদেশি মদ, ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, তিন বোতল বিয়ার ও ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) ফেনী জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার ফেনীর নির্দেশনায় এবং ফেনী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গত ২৪ ঘণ্টায় ফেনী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার ঘটনায় জড়িত আসামি আশরাফুল জামান সোহাগকে মহিপাল এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া ডাকাত দলের সক্রিয় সদস্য সাইফুল ইসলাম রিয়াজকে এসএসকে রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ধর্মপুর এলাকা থেকে ৫০ বোতল বিদেশি মদসহ একাধিক মাদক মামলার আসামি ও মাদক ব্যবসায়ী মো. সেলিমকে গ্রেফতার করা হয়। মধ্যম চাড়ীপুর (খাজুরিয়া) জজ কোর্ট কলোনি এলাকা থেকে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. হৃদয় ও তার মা রাবেয়া আক্তারকে আটক করা হয়। এছাড়া ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহরিয়ার হোসেন, নাজমুল ইসলাম, শহিদুল ইসলাম সুমন, ইসমাইল হোসেন ইমন ও মো. রবেলকে গ্রেফতার করা হয়। তিন বোতল বিয়ারসহ আবু বক্কর ও মো. ইকবাল হোসেনকেও আটক করা হয়েছে। পুলিশ আরও জানায়, অভিযানে গ্রেফতার হওয়া ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবীসহ মোট ২১ জনকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ফেনী জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী, কারবারি, সেবনকারী এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান চলবে।
